বাউল - বিষাদ
সুপ্তা আঢ্য
তোমার বিষাদ কোণে
আলতো পরশ বোলায় আমার আলগা সুর।
বাউল রাজা বিষাদ জানে না;
একতারার সুরে মন হারিয়ে,
উষ্ণ রোদের বেলায়
মন মেলাতে চায়
শীতল পাটি বিছিয়ে রাখা জোছনা কন্যে।
কণ্ঠি বদলের পালা মিটতেই
ঘিরে নেয় বিষণ্ণ গোধূলি,
তোমার মতই এ বিষাদ বড়ো অহংকারী ;
বাউল রাজা অহংকার চেনে না।
তবু অহংকারের কণ্ঠী হারেই
বরণ হল বাউলের।
পথে পাওয়া মেঠো সুরে,
আপন মনে'র সাজে সাজালে তোমায়।
পূর্ণ প্রেমের ভেলায়
ভাসালে দিগবলয়ে,
বিষণ্ণ অহংকার সরিয়ে
মেতে উঠলে প্রাণের আলাপনে।
বাউল রাজা খুঁজে পেল
নতুন প্রাণের সুর।

0 মন্তব্যসমূহ