ড: মহীতোষ গায়েন
অধ্যাপক,সিটি কলেজ
১০২/১রাজা রামমোহন সরণি, কলকাতা-৭০০০০৯
নিবাস-৪৩,দক্ষিণ কোদালিয়া, সত্যেন
বসু সরণি,
পো:-নিউ ব্যারাকপুর ,কলকাতা-১৩১
মহাকালের ছবি
মহীতোষ গায়েন
বুকের উপর এসে বসে নীল মেঘ
মুখের উপর এসে বসে লাল মাছি,
সমস্ত শরীরে কালের বিষ নিয়ে
মহাকাল দেখবো বলে বেঁচে আছি।
গাঙচিল খেলা করে হিরণ্ময় জলে
হলুদ দুপুরে সাদা বক উড়ে যায়,
সবুজ গাছের ডালে মাছরাঙা বসে
একালের মাঝিরা সুবিধার খেয়া বায়।
শরীরের সব রক্ত বরফ হয়ে যাচ্ছে
হিমবন্ত অন্ধকারে ঢেকে যায় চরাচর,
সুখের গোলাপ বনে হয় বেনিয়ম চাষ
নটনটী ঠিক করে কে দোষী কে পর।
ঐ দেখ অন্ধকারে আলো জ্বেলে কারা
চুপিসারে জিয়নকাঠি হাতে আসে যায়,
মহামারি পথ শেষে সব পাখি,সব ফুল
সব নদী,ফিরে আসে নিজস্ব ঠিকানায়।
পথসংগ্রাম
মহীতোষ গায়েন
সব কবিতা গল্প গান লুকিয়ে রাখবো কালের গর্ভে...
-এখন
কারফিউ চলছে,
সব শোক উপড়ে ফেলে জীবন্ত পাথর চাপা দেব...
-এখন
বড় দু:সময়।
সব ফুল কুড়িয়ে প্রতিবাদের বেদীতে অর্পণ করবো...
-এখন
তীব্র অস্থিরতা,
সব হিংসা ছিঁড়ে ফেলে প্রতিরোধী আগুনে জ্বালাবো..
-এখন
ভয়ংকর অসহিষ্ণুতা।
সব নদীর অভিমুখ পাল্টে যাবে প্লাবনের গতিধারায়...
-সমূহ
সমাজে চোরাস্রোত,
অন্ধকার পথহারা সংগ্রাম নতুন আলোর ঝর্ণাধারায়-
-বদলের
হাওয়া বইছে।
আবার সবাই খুঁজে পাবে দিশা সব নিজস্ব ঠিকানায়
স্বপ্নের কুঁড়ি ফুটবে ভালোবাসার গাছে,গানে,কবিতায়,
ফুলে ভরে যাবে দু:সময়ের পথ,
সব হিংসা জল হয়ে সময় ফিরবে সুখে,
দেখে নিও মানুষের হবে ঠিক জয়।
0 মন্তব্যসমূহ