ওদিকে নয় / আনন্দ গোপাল গরাই
ওখানে পড়ে আছে একটা অর্ধ গলিত দেহ
ঝরছে পুঁজ রক্ত
কিলবিল করছে পোকা
অর্ধ চেতন হয়ে পড়ে আছে মৃত্যুর প্রতীক্ষায়
দুর্নীতির ফোঁড়াটা আধপাকা হয়ে গেছে
হিংসার ক্ষতটা লাল টকটকে
অন্যায় অবিচারের ফুস্কুরিগুলো
ফুঁড়ে ফুঁড়ে উঠছে অনবরত
বাতাস বয়ে আনছে উগ্র কটূ গন্ধ!
বাতাস তুমি একবার যাও
বৃষ্টিভেজা মাটির উপর দিয়ে
ফুলবাগানের ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে
মৌচাকে আলতো দোলা দিয়ে
পাখির গানের সুর নিয়ে।
ওখানে পড়ে থাক না মুমুর্ষূ দেহটা
ওদিকে যেও না তুমি
এখন শুধু নিয়ে এসো
মাটির গন্ধ
ফুলের সুবাস
পাখির গান
মৌচাকের মাদকতা!

0 মন্তব্যসমূহ