মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

শনি রবির কবিতা বাসর,কবিতা-উৎপল বাগ










ঘুমের মধ্যে একটা স্বপ্ন 

উৎপল বাগ, হাওড়া

 

ঘুমের মধ্যে একটা স্বপ্ন----

নদীর পাড়ে বসে আমি একা ;

তুমি বলবে--

এ আর কি এমন কথা  ,

নদীর পাড়ে বসে স্বপ্ন দেখো একা একা -----

 

কিন্তু ব্যাপারটা তুমি যতটা সহজ ভাবছ

ততটা সহজ নয় ।

তাকিয়ে দেখেছ কি নদীর গভীরতা  ?

পাড় থেকে নদীটা আস্তে আস্তে

দূরে  অনেকটা দূরে সরে যাচ্ছে ,

এইভাবে  চোখের আড়ালে চলে যাবে

কোনো এক সময়  সন্ধ্যা গোধূলিতে  ------

 

জলের সঙ্গে  বেড়ে যাচ্ছে  ঢেউয়ের দূরত্ব

অথচ তাকিয়ে দেখ

তারা কী ভীষণ কাছাকাছি  ----

 

তাও তুমি হাসছো  !

 

ভাবো  এমনও তো হতে পারে

এটাই  তোমার আমার কথা  ,

তুমি আর  আমি কতই না কাছাকাছি

একসাথে  পথ চলা  ,

বাহিরে থেকে তাই তো মনে হয়

তাই নয় কি  ?

তুমি বলবে এটাই স্বাভাবিক  ।

 

সেদিন ছিল নতুন নতুন ছন্দ

নতুন নতুন তাল ,

শরীরে শরীরে মিলনের গান   ,

নদীর বুকে ভরা যৌবন  ।

 

দূরত্ব বাড়িয়ে চলেছে

ওরা দুইজন  --

ভীষণ ভাবে একা একা  একা

শরীর তুমি নদীর পাড়ে একা

মন তুমি নদীর বুকে একা

নদীর থেকে জল

জল থেকে ঢেউ

দূরত্ব বাড়ে শত শত গুন ,

নদীর পাড়ে  একাকিত্বের স্বপ্নময় ঘুম ।


মেঘদূত সাহিত্য পত্রিকা একটি প্রয়াস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ