মেঘদূত সাহিত্য পত্রিকা

বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমি অধিভুক্ত পত্রিকা

কবিতা / পার্থসারথি সেনগুপ্ত









প্রতিফলন 


তোমার চোখের কাজল বুঝিয়ে দিল
দিনটা আমার নয়
মন্থর পায়ে ফিরে আসার পথ বেয়ে পৌঁছে যাব
আগামী দিনের পরিকল্পনায়
আমার শেষ নিশ্বাসের প্রতিশ্রুতিটুকু আজ মৃত
শুধু একটা প্রশ্ন থেকে গেল
কতটা ব্যবধান ছিল আমার বাহির
আর তোমার অন্তরের সমন্বয়ে?
অনেকটা সময় যাবে হারিয়ে যেতে
মাঝে কষ্টের কাছে নিজেকে মেলে ধরা
সহজ হবে না নিজেকে ফিরে পাওয়া
থাকবে মন খারাপের ব্যতিক্রমী পাহারা

বেঁচে থাকা

কতবার সুনামি দেখেছে এই জীবন
প্রবল ঝঞ্ঝা বার বার আছড়ে পড়েছে
ভারী অদ্ভুত ভাবে তবু দাঁড়িয়ে আছে সে
অশ্রুর প্লাবন বয়ে গেছে ভিতর জুড়ে
ভাসিয়ে নিয়ে চলে গেছে সব স্পৃহা
তবু ভেসে যায় নি মন
গহন অন্ধকারে বার বার পথ হারিয়েছে
মুখ থুবড়ে পড়েছে কাঙ্খিত আশা
তবু খুঁজে গেছে আলোর দিশা
কতবার কেঁপে উঠেছে হৃদয়
ভয়ানক ভূকম্প কে হার মানিয়ে দেয়
ইমারত নড়ে গেছে , তবে ধুলিস্যাৎ হয় নি
হাতে অর্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছি
শান্তি আর সুখের সংমিশ্রনে ইমারত টা ঠিক করবো বলে
কারিগরেরা বেঁচে নেই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ